আরও প্রাণহানি ও ধ্বংসের আশঙ্কা জাতিসংঘের

আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্ষমতাসীন দলের যুব সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচী ঘিরে আজ আরও প্রাণহানি এবং ধ্বংসের আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ফলকার তুর্ক।

ফলকার তুর্কের বিবৃতির বরাত দিয়ে সোমবার (৫ আগস্ট) বিবিসি বাংলা এই কথা জানিয়েছে।


বিবৃতিতে ফলকার তুর্ক বলেন, সোমবার ঢাকার উদ্দেশে বড় ধরনের পদযাত্রার পরিকল্পনা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের আহ্বানের পরিপ্রেক্ষিতে আমি গভীরভাবে শঙ্কিত যে আরও প্রাণহানি ও ধ্বংস হবে।


তিনি বলেন, আমি জরুরিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান করতে চাই যেন তারা মানুষের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তা যেন নিশ্চিত করতে পারে।


সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা বন্ধ, ঢালাওভাবে আটককৃতদের মুক্তি দেয়া, পূর্ণ ইন্টারনেট সেবা চালু করা ও অর্থবহ আলোচনার পরিবেশ তৈরি করার প্রতি জোর দিয়েছেন ফলকার তুর্ক।


বিবৃতিতে তিনি সহিংসতায় উস্কানি দিয়ে ও অতিরিক্ত বল প্রয়োগ করে জনগণের অসন্তোষ দমনের ধারাবাহিক প্রচেষ্টা অতিসত্বর বন্ধ করারও আহ্বান জানান।