সরকারের পদত্যাগের এক দফা দাবিতে একদিন এগিয়ে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবেন আন্দোলনকারীরা। এজন্য সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।
রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সংবাদকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া এক বার্তায় কর্মসূচি একদিনে এগিয়ে আনার বিষয়ে জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।’
অপর সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার আহ্বান জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, ‘স্থানীয় যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদের রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন অবশ্যই। আমাদের আন্দোলন বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা এবং পরিকল্পনা চলছে। এত রক্ত ঝরার পর এই আন্দোলন কোনোভাবেই থামতে দেয়া যাবে না। চলে আসুন ঢাকায়, সকল ভেদাভেদ ভুলে। বিজয় সুনিশ্চিত।’



.png)
