চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের তালা ভেঙে দখল নিয়েছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় তারা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের তালা ভেঙে বিভিন্ন কক্ষ দখল নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শেখ হাসিনার পদত্যাগের খবর জানাজানি হওয়ার পরই শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী ক্যাম্পাসে আসেন। একই সঙ্গে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ক্যাম্পাসে আসেন। পরে তারা ছাত্রলীগের দখল করা হলের বিভিন্ন কক্ষের তালা ভেঙে তল্লাশি করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের সাধারণ শিক্ষার্থীরাও সে সময় ছিলেন।
তারা তখন বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী, শাহজালাল, শাহ আমানত, এএফ রহমান ও আলাওল হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করেছেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন জানান, দীর্ঘদিন ধরে তাদের নেতাকর্মীরা বিভিন্ন নির্যাতন সহ্য করে হলের বাইরে ছিলেন। এখন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যে যার বরাদ্দ করা কক্ষে উঠেছেন। তারা শাহ আমানত ও শাহজালাল হলের বিভিন্ন কক্ষে অবস্থান করছেন। এ বিষয়ে ছাত্রশিবিরের কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


