নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্যারিস্টার তুরিন আফরোজের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
এ ছাড়া নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং জেলা পরিষদ চেয়ারম্যানের ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হকের বাড়িতে হামলার খবর পাওয়া গেছে।
শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবর পাওয়ার বেলা ৩টার দিকে এসব ঘটনা ঘটে।সরকার পতন ও সেনা প্রধানের ভাষণের পরপর জেলাজুড়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্বৃত্তরা তাণ্ডব চালিয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে। এ সময় তাদের নিবৃত করতে সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
হামলাকারীরা নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।
একই সময় জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজের ব্যক্তিগত কার্যালয়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য যুবলীগ নেতা সাদ্দাম হোসেন পাভেল এবং সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার বাড়িতে ভাঙচুর করা হয়।
অপরদিকে ডিমলা উপজেলায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।


