‘বন্ধ’ ফেসবুকে নিজে কেন সক্রিয়, জানালেন পলক


দেশে ফেসবুক-টিকটসহ সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকলেও নিজের ফেসবুক অ্যাকাউন্টটিতে নিয়মিত পোস্ট করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাধারণের জন্য বন্ধ থাকলেও নিজের অ্যাকাউন্টে কেন সক্রিয় থেকেছেন সেই বিষয়ে জানিয়েছেন পলক।

রোববার (২৮ জুলাই) সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে জানান তিনি।


পলক বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাইকে সঠিক তথ্য জানাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সক্রিয় থেকেছি।

 

এসময় তিনি বলেন, ৩১ জুলাই ফেসবুক, টিকটকসহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। তারা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেয়া পর্যন্ত ফেসবুক ও টিকটকসহ সোশ্যাল মিডিয়া খুলে দেয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার।

 

পাঁচ দিন পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়।

 

এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে তখন থেকেই বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।