মায়ের কোল থেকে অপলক দৃষ্টিতে দেখছিল সাজ্জাদুজ্জমানের ৮ মাস বয়সী শিশু সাদিকা জামান মাভিসা



 কক্সটিভি প্রতিবেদক 

বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। পাশে মায়ের কোল থেকে অপলক দৃষ্টিতে বক্তাকে দেখছিল সাজ্জাদুজ্জমানের ৮ মাস বয়সী শিশু সাদিকা জামান মাভিসা। যেন বলতে চাইছে এই বক্তব্যে আমার পূর্ণ সমর্থন আছে। যদি প্রিয় বাবাকে হারানোর শোক বুঝতে পারতো, তাহলে হয়তো শুধু মৌন সমর্থন নয় ক্ষোভ আর শোকও প্রকাশ করতো সে। 


স্বামীর হত্যার বিচার চাইতে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় এসেছেন সাজ্জাদুজ্জামানের স্ত্রী মুমতাহেনা। কিন্তু পুরো সময়জুড়ে পাশে দাঁড়িয়ে নীরবে অশ্রু ঝড়ালেও মুখ ফুটে একটি অক্ষর বলতে পারেননি তিনি। এক কথায় যাকে বলে অধিক শোকে পাথর হয়ে যাওয়া বা বাকরুদ্ধ।


তবে কথা বলেছেন নিহত সাজ্জাদুজ্জামানের বড় ভাই কামরুজ্জামান কাজল। তিনি বলেন, আমার ভাইকে আর ফিরে পাবো না কিন্তু আর কোন ভাইকে যেন এভাবে মরতে না হয় তার নিশ্চয়তা চাই। হত্যাকরীদের ফাঁসিরও দাবি করেন তিনি। 


বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়া স্ত্রীকে চাকরি প্রদান, সন্তানের ভবিষ্যত নিশ্চিত করা এবং সুবিচারের স্বার্থে মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তরেরও দাবি জানান তিনি।